এমপিপুত্র সজীবকে আটক প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এমপির ছেলের কোনো বিশেষ অধিকার নেই, আইনের চোখে সবাই সমান।
সোমবার (২২ জুন) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সজীবের বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়। পরে প্রয়োজন অনুযায়ী মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সন্ধ্যায় ডিবি কার্যালয়ে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে পাঠানো হয়।
এদিকে আটকের পর রোববার রাতে খাইরুল ইসলাম সজীবকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়।





































