আড়াইহাজারে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শিশুটির পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার বাসিন্দা মাঈদুল ইসলামের দেড় বছরের শিশু কন্যা মারজিয়া আক্তার গত শনিবার (২০ জুন) বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার (২২ জুন) সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুটির বাবা মাঈদুল ইসলাম অভিযোগ করে বলেন, “এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমার মেয়েকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।”





































