১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩২, ৯ মার্চ ২০২৬

আমরাও এখানে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত: এমপি কালাম

আমরাও এখানে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত: এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আপনাদের এই দুর্দশা লাঘব আমি করতে চাই। আমি আশ্বস্ত করতে চাই যে, আমরা কেউ এখানে বহিরাগত না। আমরাও নারায়ণগঞ্জে ভুক্তভোগী। তবে, এই কাজগুলো সময় সাপেক্ষ ব্যাপার। প্রশাসক ও এমপি আমরা দুইজনেই এখানে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আপনাদের সাথে একই সময়ে আমরাও ব্যথিত। সুতরাং আমরা আশা করব যে, নিজেদের স্বার্থেই আপনাদের এই চাহিদা সরকার থেকে আদায় করে নিয়ে আসতে সক্ষম হবো।”

সোমবার (৯ মার্চ) শহরের একটি রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বক্তব্যের মধ্যে অনেক বিষয় উঠে এসেছে। যেটা আমার জবাবদিহিতার অংশের মধ্যে পড়ে। তা আমি অত্যন্ত আজকে ভারমুক্ত যে উত্তর-দক্ষিণের মেরুর মধ্যে একটি অসামঞ্জস্যতার কারণে নাগরিক চাহিদাগুলো অনেকক্ষানি বঞ্চিত হচ্ছিল। এবং গত ১৮ বছর এই দুর্ভোগের শিকার হয়েছি। তবে সেটি আর নেই।”

তিনি আরও বলেন, “ক্ষমতাসীন দলের আমি আপনাদের নির্বাচিত সংসদ সদস্য। এখানে নাসিকের প্রশাসকও আছেন। আমরা দু’জনেই সরকারের অংশের। সুতরাং আমাদের কাজের একটি সুস্থ পরিবেশ বর্তমান রয়েছে। এই কার্যকর সময়টুকু যদি নিজেদের আয়ত্তে নিয়ে কাজ করতে পারি তাহলে আশা করি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নতি হয়েছি কিন্তু আমাদের নাগরিক সুযোগ-সুবিধা কিছু পাওয়া উচিত ছিল, সেটি আমরা পাইনি। আমরা সকলে বঞ্চিত, এ কথা সত্য।”

এমপি কালাম বলেন, “প্রশাসক মহোদয় অনেকগুলো পরিকল্পনার কথা আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমরা ইতিমধ্যে মাত্র ২০ দিন হয়েছে শপথ নিয়েছি। এবং টেবিল টকের মাধ্যমে কার্যক্রম সূচনা শুরু করেছি। অনেকগুলো সমস্যা চিহ্নিত করা হয়েছে। সরকারি পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সাথে আমাদের বৈঠক হচ্ছে। আমরা কিছু ব্যাপার চিহ্নিত করে একটি ডিও লেটার দিয়েছি। আগামীতে হয়তো ওনার এই সহযোগিতায় মন্ত্রণালয় এবং সরকারের কাছে যেতে হতে পারে।”

এ আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবি’র জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নাসিকের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ধীমান সাহা জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি হাসমতউল্লাহ ও সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক ভূঁইয়া দিপু।

সর্বশেষ

জনপ্রিয়