নারায়ণগঞ্জ বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে: সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “নারায়ণগঞ্জ একটা বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। সেই অবস্থা থেকে কীভাবে নারায়ণগঞ্জকে টেনে তোলা যায় এবং সেই অবস্থা থেকে কীভাবে খুব দ্রুততার সাথে যাতে দৃশ্যমান একটা পরিবর্তন করতে পারি, সেটার জন্যেই কিন্তু আমাকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে।”
সোমবার (৯ মার্চ) শহরের একটি রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সামনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসবো এবং যারা এই সমাজ নিয়ে কাজ করে তাদের নিয়ে বসবো সমস্যা সমাধানে। সেই সাথে যানজট কমাতে দ্রুততার ভিত্তিতে ফ্লাইওভার নির্মাণ নতুনভাবে সংযোগ সড়ক করে, সেই সড়ক দিয়ে যানবাহন কীভাবে নেওয়া যায় সেটার অলরেডি কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করেছি।”
কয়েকদিন আগে নিয়োগ পাওয়া সিটি প্রশাসক বলেন, “ডেঙ্গু মশার হাত থেকে, চিকনগুনিয়া থেকে রক্ষার জন্য আমরা ইতোমধ্যেই প্রকল্প নিয়েছি। যেমন আগামী দুই একদিনের মধ্যেই আমাদের এই সিটি কর্পোরেশন কাজ করবে এবং যে খালগুলি আছে সিটি কর্পোরেশনের সেই খালগুলি পরিচ্ছন্ন করার জন্য আগামী পরশু দিন কাজ শুরু করবো।”
যানজটের বিষয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যে সকল অটোগুলি আছে সেই অটো ছাড়া বাইরে এর কোন অটো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রবেশ করতে পারবে না। আমরা ঈদের পর থেকে সেটা যত কর্মী থাকুক লাগুক সেগুলো নিয়ন্ত্রণ করবো।”
এ আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবি’র জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নাসিকের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ধীমান সাহা জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি হাসমতউল্লাহ ও সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক ভূঁইয়া দিপু।





































