নারায়ণগঞ্জে সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে আলোচনাও শুরু হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এ আসনে মনোনয়নপ্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় পর্যায়ের নারী নেত্রীরা ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। অনেকে তাদের বায়োডাটাও জমা দিয়েছেন।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সংসদ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। এর ফলে দলটি সংরক্ষিত নারী আসনে ৩৫টি আসন পাবে। এছাড়া জামায়াতে ইসলামী ১১টি, এনসিপি ১টি, স্বতন্ত্র ১টি এবং বাকি দুটি অন্যান্য দলের মধ্যে ভাগ হবে।
নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসন থাকায় মুন্সিগঞ্জ জেলার সঙ্গে আসনটি ভাগ করতে হয়। ফলে বেশিরভাগ সময় মুন্সিগঞ্জ থেকে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবার জেলার চারটি আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করায় সংরক্ষিত আসনটি নারায়ণগঞ্জের সম্ভাবনা রয়েছে।
এ আসনে সম্ভাব্য মনোনয়নপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা। তারা দীর্ঘ সময় রাজপথে ও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এছাড়া সংরক্ষিত নারী আসনে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা। সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য, পেশায় আইনজীবী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা। আফসানা আফরোজ বিভা দীর্ঘকাল স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেছেন।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আসমা হেলেন বিথীও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন।





































