পুলিশের পিস্তল ছিনতাই: শহরে চলছে সাড়াশি অভিযান
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনার পর সাড়াশি অভিযান শুরু হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যার পর থেকে এ অভিযান শুরু হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
রাতভর এ অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
এর আগে সকাল পৌনে ছয়টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে ছিনতাইয়ের শিকার হন সদর মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি পুলিশের এএসআই লুৎফরের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে কোমড়ে থাকা পিস্তলটি লুট করে মোটরসাইকেলে করে আবার পালিয়ে যায়।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার প্রেস নারায়ণগঞ্জকে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল।
“পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিল।”
রাতে ওসি আব্দুল হালিম বলেন, “এ ঘটনায় আমাদের অভিযান চলছে। তদন্তের খাতিরে এর থেকে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে কোনো অগ্রগতি থাকলে আমরা জানাবো।”





































