এখনই কারামুক্ত হচ্ছেন না আইভী
জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত চারটি হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশ থাকা সত্ত্বেও তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীর করা পাঁচটি পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান জানান, গত বছরের নভেম্বর মাসে পাঁচটি মামলায় হাইকোর্ট যে জামিন আদেশ দিয়েছিলেন, সে আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে। ফলে নতুন করে জামিন পেলেও আইভী এখনই কারামুক্ত হতে পারছেন না।
শুনানিকালে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন এবং অ্যাডভোকেট হৃদয় রহমান আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের নভেম্বর মাসে জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে দায়ের করা পাঁচটি মামলায়—যার মধ্যে গার্মেন্টকর্মী মিনারুল ইসলাম হত্যা মামলাও রয়েছে—হাইকোর্ট আইভীকে জামিন দিয়েছিলেন। তবে পরবর্তীতে আপিল বিভাগ ওই পাঁচ মামলার জামিন আদেশ স্থগিত করেন।
পরবর্তীতে আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি হত্যা মামলা রয়েছে, যা ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।





































