১০ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৫৫, ৯ মার্চ ২০২৬

পুলিশের অস্ত্র ছিনতাই, সন্দেহভাজন একজন গ্রেপ্তার

পুলিশের অস্ত্র ছিনতাই, সন্দেহভাজন একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শহরে দায়িত্ব পালন করার সময় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত সোয়া এগারোটায় এক খুদে বার্তায় এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। 

তিনি জানান, বন্দরের সোনাকান্দার বেপারীপাড়ার এলাকা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র উদ্ধারেও অভিযান অব্যাহত আছে। জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও চলছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিশাল। ৩০ বছর বয়সী মিশাল নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার প্রয়াত মিজানুর রহমানের ছেলে।

এর আগে সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল।

“পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।”

ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তাসমিন আক্তার।

স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও পথচারীরা প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হন।

সর্বশেষ

জনপ্রিয়