অনেক সমস্যায় আমরা জর্জরিত, সমাধান আসতে হবে: রাব্বি
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা রফিউর রাব্বি বলেছেন, নারায়ণগঞ্জ শহরে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যাকে চিহ্নিত করে সমাধানে আসতে হবে। এজন্য লিখিত আকারে সমস্যাগুলোকে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে দিলে সমাধানের একটি পথ পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।
সোমবার (৯ মার্চ) শহরের একটি রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রাব্বি বলেন, “অনেক সমস্যায় আমরা জর্জরিত, সমস্যাগুলো আমরা তুলে ধরছি কিন্তু সমাধানের কোন চিত্র আমাদের সামনে নেই। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে- এটার সমাধানটা কি সেটা লিখিত আকারে আনতে হবে।”
“এটা যদি লিখিত আকারে আমরা প্রশাসনে বা এমপি সাহেবের কাছে দিতে পারি তাহলে একটি কাজ হতে পারে। আমার মনে হয়, আমরা এই অনেক বিষয় আলাপ আলোচনা করে সমস্যাও আমরা চিহ্নিত করেছি এবং এই বিষয়গুলো লিখিত আমরা হয়তো দিতে পারি।”
এ আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবি’র জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নাসিকের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ধীমান সাহা জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি হাসমতউল্লাহ ও সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক ভূঁইয়া দিপু।





































