নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে: টিপু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, একবিংশ শতাব্দীতে এসে সন্ত্রাসীদের আর কোনো স্থান নেই। অতীতে সন্ত্রাসীরা অনেক অপকর্ম করেও পার পেয়ে গেছে, কিন্তু এখন আর তা সম্ভব নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত করা হবে।
সোমবার (৯ মার্চ) নগরীর দৈনিক খবর প্রতিদিন কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্যের জমি দখলের মতো অপরাধের কোনো স্থান থাকবে না। একটি সুশৃঙ্খল ও আইনের শাসনভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
টিপু আরও বলেন, সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা। রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হননের উদ্দেশ্যে প্রতিহিংসাপরায়ণ হয়ে সংবাদ প্রকাশ করলে তা কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হতে পারে না। সংবাদে যেমন রাজনীতি থাকবে, তেমনি সমাজের অবক্ষয়, দুর্নীতি, সন্ত্রাস ও ঘুষের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করা প্রয়োজন।
তিনি বলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকা তাদের সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সামনে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা। একই সঙ্গে তিনি সকল সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। এতে সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা ও সাংবাদিকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. ইকবাল রুমি, নির্বাহী সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, বার্তা সম্পাদক আল আমীন অর্ণব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি ইফতার অনুষ্ঠানে শতাধিক সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীর উপস্থিতি এবং আয়োজকদের সুন্দর আয়োজনের প্রশংসা করেন।
ইফতার ও দোয়া মাহফিলে শহরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।





































