০৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১৩, ৫ মার্চ ২০২৬

আইভীর ৫ মামলার জামিন স্থগিত, ৯ মার্চ আপিল বিভাগে শুনানি

আইভীর ৫ মামলার জামিন স্থগিত, ৯ মার্চ আপিল বিভাগে শুনানি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৯ মার্চ বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে দিন ধার্য করা হয়েছে।

এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলো—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই অভ্যুত্থানকালের বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন।

পরে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়