৩০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৯, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:১০, ৩০ অক্টোবর ২০২৬

রেড ক্রিসেন্ট: ৫১ বছর পর ভোট, প্রার্থীদের নানা আশ্বাস আর নিরপেক্ষতা দাবি

রেড ক্রিসেন্ট: ৫১ বছর পর ভোট, প্রার্থীদের নানা আশ্বাস আর নিরপেক্ষতা দাবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে শনিবার সরাসরি ভোট গ্রহণ করা হবে। ইউনিট প্রতিষ্ঠার ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণের কথা রয়েছে।

নির্বাচনে ভোটার রয়েছেন ৯৯৭ জন। ভোটারদের কাছে নিবন্ধিত ডাকযোগে নির্বাচনী নোটিশ পাঠানোর পাশাপাশি স্থানীয় সংবাদপত্রেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) পদাধিকার বলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রশাসক অধ্যাপক্ষ মামুন মাহমুদ।

এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা।

কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও নির্বাচন হবে। টিপুকে সেক্রেটারি প্রার্থী করে নবী হোসেনের নেতৃত্বে একটি প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে রয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সরকার হুমায়ুন কবির, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

প্যানেলের বাইরে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হারুনুর রশিদ খান, নাজমুল হক ও জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে কেউ আইনজীবী, কেউ ক্রীড়া সংগঠক, আবার কেউ তরুণ রাজনীতিক। তাঁরা নিজ নিজ ক্ষেত্রে আগে থেকেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত। নির্বাচিত হলে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করা এবং নারায়ণগঞ্জের বাসিন্দাদের জন্য নানা সেবামূলক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।

প্রার্থীদের অঙ্গীকারের মধ্যে রয়েছে রক্তের চাহিদা পূরণে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং সংগঠনের নামে পাওয়া অনুদানের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা। তাঁদের ভাষ্য, রেড ক্রিসেন্টের বিদ্যমান কার্যক্রমকে আরও বিস্তৃত করে মানুষের প্রয়োজনে সংগঠনটিকে কার্যকরভাবে কাজে লাগাতে চান তাঁরা।

তবে নির্বাচন নিয়ে প্রার্থীদের কারও কারও মধ্যে সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা রয়েছে। প্রার্থীদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও পক্ষপাতহীন হবে কি না, তা নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও প্রার্থীরা সবাই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান বলে জানিয়েছেন। নির্বাচন কমিশনও নিরপেক্ষভাবে ভোট আয়োজনের আশ্বাস দিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিন শ্রেণির পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২৫ জন। এর মধ্যে সাতটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে ১৭টি। পরে বুধবার সহসভাপতি পদ থেকে অসুস্থতার কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন ব্যবসায়ী জি এম হায়দার আলী। এ ছাড়া সদস্য পদ থেকে ইফতেখার আহমেদ জিমু, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম ও সাংবাদিক মেহেদী হাসান সজীব মনোনয়ন প্রত্যাহার করেন। তাঁদের প্রত্যাহারের কারণ জানা যায়নি।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক বদরুন্নাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুন নূর বন্ধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান ও জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের দিন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা, পর্যাপ্ত পুলিশ সদস্য এবং রেড ক্রিসেন্টের শতাধিক যুব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, রেড ক্রিসেন্টের ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। নির্বাচনটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে কমিশন কাজ করছে।

এর আগে গত ১৮ অক্টোবর রেড ক্রিসেন্টের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়