২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৪, ১৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির জায়গা-স্থাপনা পরিদর্শনে চেয়ারম্যান

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির জায়গা-স্থাপনা পরিদর্শনে চেয়ারম্যান

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জের বিভিন্ন কার্যালয়, জায়গা ও স্থাপনা পরিদর্শন করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। পরিদর্শনকালে এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) তিনি বিআইডব্লিউটিসির নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন জায়গা, জমি ও স্থাপনা পরিদর্শন করেন।

পর্যায়ক্রমে চেয়ারম্যান বিআইডব্লিউটিসির বেইজঘর, বহর অফিস, কয়লা ঘাট, গোকচর জমি, হাজীগঞ্জ বাংলো, ঈসা খাঁ বাংলো, সিরাজউদ্দৌলা রোডের অফিস ও জমি এবং গোদনাইলের সুস্তারী জমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের মালিকানাধীন জায়গা ও স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এসব সম্পদ কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং উন্নয়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করা সম্ভব, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) সোয়াত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বহর অফিস ও নিতাইগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়