বন্দরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
একই সঙ্গে শিক্ষার্থীদের ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে বাসার বাইরে ফুলহাতা শার্ট ও প্যান্ট পরিধানের পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বি এম ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে এসব কথা বলেন তিনি।
বি এম ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতন করা হয়।
পরে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।





































