১৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০০, ১৮ আগস্ট ২০২৬

রূপগঞ্জের বিক্রমপুর স্টিলে পরিদর্শনে মিলল ক্ষতিকর কালো ধোঁয়া

রূপগঞ্জের বিক্রমপুর স্টিলে পরিদর্শনে মিলল ক্ষতিকর কালো ধোঁয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস লিমিটেড কারখানার চিমনি দিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া নির্গমনের অস্তিত্ব পেয়েছে পরিবেশ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে কালো ধোঁয়া নির্গমনের অভিযোগের পর মঙ্গলবার (১৮ আগস্ট) কারখানাটি পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাশেদ, পরিচালক মোবারক হোসেন ও সহকারী পরিচালক রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রূপগঞ্জের মৈকুলী এলাকার কারখানাটি পরিদর্শন করেন। এ সময় তারা কারখানার ভাট্টি, চিমনি ও ধোঁয়া নির্গমনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, কারখানা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া নির্গমনের অস্তিত্ব পাওয়া গেছে। পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিবেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে বায়ুদূষণের পাশাপাশি গাছপালা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এর আগে বায়ুদূষণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটিকে একাধিকবার জরিমানা করা হয়। ২০২৫ সালের ১২ মে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে একই অভিযোগে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। এরপরও কালো ধোঁয়া নির্গমনের অভিযোগ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে কারখানাটিতে শ্রমিক নিরাপত্তা নিয়েও অভিযোগ রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণে আলম হোসেন ও বরকত নামে দুই শ্রমিক দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আলম হোসেন মারা যান। এর আগে ২০২৫ সালের ২৫ জুলাই ভাট্টি বিস্ফোরণে বেল্লাল, রোমান ও রাব্বানী নামে আরও তিন শ্রমিক দগ্ধ হন।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাশেদ বলেন, ‘বিক্রমপুর স্টিল মিলস লিমিটেডের কালো ধোঁয়া ও অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিবেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, শুধু জরিমানা নয়, কারখানার ধোঁয়া নির্গমন বন্ধ এবং পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হোক।

বিক্রমপুর স্টিল মিলের ওয়েবসাইটে দেওয়া নম্বরে কল করা হলে এ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি মুঠোফোনে দাবি করেন, কালো ধোঁয়া তারা সরাসরি বাতাসে ছাড়েন না। তা পরিশোধণ করার যন্ত্র তাদের কারখানায় রয়েছে।

তবে, এ ব্যক্তি তার পরিচয় দেননি।

সর্বশেষ

জনপ্রিয়