শামীম-সেলিমসহ নিজামদের উদ্দেশে টিপু: সাহস থাকলে জনসম্মুখে এসে কথা বলুন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানসহ শাহ নিজাম, আজমেরী ও অয়ন ওসমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
ফেসবুক পোস্টে টিপু অভিযোগ করেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় শামীম ওসমান ও সেলিম ওসমান নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করেছেন। তাদের বিরুদ্ধে খুন ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।
টিপু দাবি করেন, নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করতে গিয়ে শামীম ও সেলিম ওসমান, শাহ নিজাম, আজমেরী ও অয়ন ওসমানসহ কয়েকজনকে নিজেদের ঘনিষ্ঠ হিসেবে গড়ে তুলেছেন।
জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে টিপু তার পোস্টে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে জনরোষের আশঙ্কায় নিজাম, আজমেরী ও অয়ন ওসমান গং পালিয়ে যান।
নিজামকে উদ্দেশ করে টিপু লেখেন, ‘সাহস থাকলে জনসম্মুখে এসে বাংলাদেশের ও নারায়ণগঞ্জের মাটিতে কথা বল, দেখি তোদের সাহস কত?’
পোস্টে তিনি আরও লেখেন, ‘নেড়ী কু...রের মতো পালিয়ে বেড়িয়ে লোকচক্ষুর অন্তরালে থেকে শিয়ালের মতো ঘেউ, ঘেউ করে লাভ নেই।’ নিজামের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নেড়ী কু...র নিজাম, তোর মায়ের দুধ খেয়ে থাকলে সামনে এসে কথা বল।’
টিপু অভিযোগ করেন, আওয়ামী লীগ দুইবার ক্ষমতায় যাওয়ার পর দুইবারই তাদের নেতাকর্মীরা পালিয়েছে। বিপরীতে বিএনপি নেতাকর্মীরা অতীতে রাজপথে ছিলেন এবং এখনও রয়েছেন বলে দাবি করেন তিনি।
পোস্টে টিপু আরও লেখেন, ‘আমরা পালাই না। আমরা অতীতে রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।’





































