১৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ২১:২৪, ১৮ আগস্ট ২০২৬

জিউস পুকুর হবে বিনোদনকেন্দ্র, দেড় কোটি টাকায় সংস্কার

জিউস পুকুর হবে বিনোদনকেন্দ্র, দেড় কোটি টাকায় সংস্কার

শিশু-কিশোরদের বিনোদনের সুযোগ তৈরি করতে নারায়ণগঞ্জের ঐতিহাসিক জিউস পুকুর দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের শহরে শিশু-কিশোরদের বিনোদনের কোনো জায়গা নেই। এজন্য সিটি করপোরেশন ঐতিহাসিক জিউস পুকুরটিকে দেড় কোটি টাকা ব্যয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করা হবে। সেখানে পানির উৎসের সঙ্গে ওয়াকওয়ে নির্মাণ করে জায়গাটিকে দৃষ্টিনন্দন করা হবে। যাতে শিশু-কিশোরেরা খেলাধুলাসহ বিনোদনের সুযোগ পায়।’

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকাদান প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে ক্যানসার ধীরে ধীরে মরণব্যাধি হিসেবে ভয়াবহ আকার ধারণ করছে। এ কারণে সিটি করপোরেশন সরকারের সহযোগিতায় ১০ থেকে ১২ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে টিকা দিচ্ছে। বাইরে থেকে এই টিকা কিনতে প্রায় ১ হাজার ৫০০ টাকা খরচ হয়। সিটি করপোরেশন নিজ উদ্যোগে বিভিন্ন স্কুলে ক্যাম্পেইনের মাধ্যমে কিশোরীদের টিকা দিচ্ছে।

প্রশাসক আরও বলেন, ‘এখন আবার ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। ডেঙ্গুর বাহক মশা নিধনে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। তাই আমাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের আশপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ইতিমধ্যে মশা নিধন কার্যক্রম শুরু করেছে।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম, ডা. শেখ মোস্তফা আলী, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, মনির হোসেন খান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়