১৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫১, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৫২, ১৮ আগস্ট ২০২৬

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন ওষুধ বিক্রেতা, জরিমানা

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন ওষুধ বিক্রেতা, জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অননুমোদিত ওষুধ বিক্রি, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার সংরক্ষণ না করার অপরাধে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

অভিযানে আল আমিন ফার্মেসির দায়িত্বে থাকা মাহিন (৪০)–কে ওষুধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং অননুমোদিত ওষুধ বিক্রির বিষয়টি ধরা পড়ে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করা এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করারও প্রমাণ পাওয়া যায়।

এদিকে মোবাইল কোর্টের খবর পেয়ে বাজারের ২ শতাধিক ওষুধ দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়