১৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৯, ১৯ আগস্ট ২০২৬

ছালেহনগরে ওরশের নামে রাস্তা দখল করে অবৈধ মেলা

ছালেহনগরে ওরশের নামে রাস্তা দখল করে অবৈধ মেলা

নারায়ণগঞ্জের বন্দরে হযরত হাজী বাবা ছালেহ্ ইয়ামেনী (রহ.)-এর ৫৪৮তম পবিত্র ওরশ মোবারককে কেন্দ্র করে ছালেহনগর এলাকায় সড়ক দখল করে মেলা বসানোর অভিযোগ উঠেছে। ছালেহনগর-শাহী মসজিদ সড়ক দখল করে প্রায় এক সপ্তাহ ধরে মেলা চলায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকার ব্যস্ত সড়কের ওপর দোকানপাট বসিয়ে মেলা আয়োজন করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর মেলায় মানুষের ভিড় বাড়লে সড়কে যানজট তীব্র আকার ধারণ করে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অটোরিকশাচালক রাকিব আহমেদ বলেন, “এমনিতেই সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের এই এলাকায় যানজট থাকে। তার ওপর রাস্তা দখল করে মেলা বসানো হয়েছে। এতে আমাদের স্বাভাবিক চলাচলের দুর্ভোগ আরও বেড়েছে।”

স্থানীয় বাসিন্দাদের অনেকে আবাসিক এলাকায় এ ধরনের মেলা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সড়ক দখল করে মেলা বসানোর কারণে যানজটের পাশাপাশি এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

এদিকে, মেলাকে ঘিরে মাদক সেবন ও জুয়ার আসর বসার গুঞ্জন রয়েছে বলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো প্রত্যক্ষ প্রমাণ বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, “এ ব্যাপারে আমি আপনার কাছ থেকেই জানলাম। রাস্তা দখল করে এ ধরনের মেলা করতে দেওয়া হবে না। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

উল্লেখ্য, আয়োজকদের পক্ষ থেকে দেওয়া অবগতিপত্রে জানানো হয়েছে, হযরত হাজী বাবা ছালেহ্ ইয়ামেনী (রহ.)-এর ৫৪৮তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ১৫ আগস্ট রাতে রওজা শরীফে গিলাফ চড়ানো, মিলাদ শরীফ ও মুনাজাত এবং ১৬ আগস্ট সকালে আশেকানদের চাদর/গিলাফ চড়ানো ও মুনাজাতের আয়োজন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়