মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে ইয়াবা পাচার, সোনারগাঁয়ে গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে সোনারগাঁ থানার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর গ্রামের সবুজ (২৯)।
র্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে মোটরসাইকেলটির এয়ার ফিল্টার বক্স তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন বলে দাবি করেছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





































