৫ আগস্টের পর বিএনপি নেতাদের আয়-সম্পদের হিসাব নেওয়া হোক: শওকত
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শওকত আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নারায়ণগঞ্জের বিএনপির বিভিন্ন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রভাব বিস্তার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি এসব অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে শওকত আলী লেখেন, “সারাদেশ বাদ দেন, নারায়ণগঞ্জের বিএনপির বিভিন্ন নেতাদের ৫ আগস্টের পরের হিসাবটা শুধু কেউ নেন পারলে। কে কয় টাকা কামাইছে, বাড়ি-গাড়ি কিনছে।”
তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষ, ফুটপাতের অটোরিকশাচালক, গার্মেন্টস ব্যবসায়ী ও পুলিশের কাছ থেকে তথ্য নিলে জানা যাবে কোন দলের নেতারা চাঁদা দাবি করেন, মাদক ব্যবসায়ীদের ছাড়ানোর জন্য তদবির করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেন।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, “এমনকি জুলাই শহীদদের পরিবারও মামলা বাণিজ্য থেকে রেহাই পায়নি। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে এলাকা ছাড়তে হয়েছে।”
এছাড়া সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের সম্পদ রক্ষণাবেক্ষণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাজ দখল এবং অর্থ লেনদেন নিয়েও তদন্তের আহ্বান জানান তিনি।
শওকত আলী লেখেন, “তাহলেই বুঝবেন জুলাই কারা বিক্রি করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে, কারা লুটপাট করেছে আর কাদের ওপর দোষ চাপিয়েছে।”





































