০২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৪, ১ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৩৫, ১ আগস্ট ২০২৬

বন্দরে নিজ অর্থায়নে বালুর বস্তা ফেলে চলাচলের ব্যবস্থা করলেন ইউপি সদস্য পদপ্রার্থী

বন্দরে নিজ অর্থায়নে বালুর বস্তা ফেলে চলাচলের ব্যবস্থা করলেন ইউপি সদস্য পদপ্রার্থী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এতিমখানা সড়কের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী মো. রোমান ইসলাম।

শনিবার (১ আগস্ট) সকালে তিনি এ উদ্যোগ নেন। এতে প্রায় ৫০টি পরিবারের চলাচলে সাময়িক স্বস্তি ফিরেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০০ ফুট সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। একইভাবে সুবহান মোল্লা সড়কের একটি অংশও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা পারুল বেগম বলেন, বৃষ্টি হলে বাড়ির আশপাশে এমনকি ঘরের ভেতরেও পানি উঠে যায়। এতে সাপসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বহুবার জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি সড়ক সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবি জানান।

আরেক বাসিন্দা সুমি বেগম বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এলাকায় এলেও পরে আর খোঁজ নেন না। বৃষ্টির পানি ও নোংরা পানি জমে থাকায় সন্তানদের নিয়ে চলাচল করতে কষ্ট হয় এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে।

ইউপি সদস্য পদপ্রার্থী মো. রোমান ইসলাম বলেন, স্থানীয়দের অনুরোধে এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখে তিনি নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, “বিগত সময়ে এ সড়ক সংস্কারের জন্য একাধিকবার টেন্ডার হলেও কাজের অগ্রগতি হয়নি। মানুষের দুর্ভোগ দেখে আর অপেক্ষা করতে পারিনি। তাই সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করেছি।”

তিনি বন্দর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়