ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে সিপিবি সমাবেশ
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার (৪ মার্চ) বিকেল ৪ টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী মার্কিন-যুক্তরাষ্ট্র ও দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর যৌথ সামরিক হামলা চালিয়েছে। ব্যাপক বোমাবর্ষণ ও মিসাইল হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শিশুসহ শতশত নাগরিককে হত্যা করেছে। আমরা এই হামলা ও হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাম্রাজ্যবাদ ও জায়েনবাদ বিরোধী জনগণ বিশ্বব্যাপী এ হামলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছেন। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সংহতি জানিয়ে অবিলম্বে ইরান-ফিলিস্তিনে মার্কিন ইসরাইলি আগ্রাসন বন্ধ করার আহবান জানাই।
নেতৃবৃন্দ আরও বলেন, ইরানের ওপর এই বর্বর সামরিক হামলা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্যবাদী রাজনীতির বহিঃপ্রকাশ। তারা কৌশলগতভাবে বিভিন্ন দেশের ভূখণ্ড দখলের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা ও সম্পদ লুণ্ঠনের উদ্যেশ্যে এসব হামলা চালায়। মধ্যপ্রাচ্য সেই সম্পদ লুণ্ঠনের ভূ-রাজনীতির কেন্দ্র বিন্দু। ইরানকে দখল করার মধ্য দিয়ে নৌবাণিজ্য তথা তেল পরিবহনের বড় রুট হরমুজ প্রণালীর উপর সাম্রাজ্যবাদী আধিপত্য-কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই আগ্রাসন চালিয়েছে।
তারা আরও বলেন, মার্কিনীরা কিছুদিন আগে ভেনেজুয়েলার তেল সম্পদ লুণ্ঠনে উদ্দেশ্যে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তরীণ করে রেখেছে। ভেনেজুয়েলার তেল সম্পদ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কব্জায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কিউবা দখলের হুমকি দিচ্ছে। ভেনেজুয়েলা ও কিউবার জনগণ মার্কিন সাম্রাজ্যবাদের এই আগ্রাসনের বিরুদ্ধে নিজ দেশে দেশে প্রতিরোধ গড়ে তোলছে। মার্কিন সাম্রাজ্যবাদীরা আরব ভূমি দখল করে ইসরাইলকে সম্প্রসারণ ও রাশিয়া-চীনকে মোকাবিলায় পশ্চিম এশিয়ায় একক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে তারা ইরান দখল নিয়ে ইরানের জনগণকে পায়ের নিচে রাখতে চায়। ইরানের স্বাধীনতাকামী জনগণ তা হতে দেবে না। ইরানে চলমান উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের এই আগ্রাসন রুখে দিতে সারাবিশ্বের শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।





































