বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় অবস্থিত কিং প্যালেস পার্টি সেন্টারে ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিল্প এবং জাতির মেরুদণ্ড। এই শিল্পের উদ্যোক্তা আপনারা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। নিজেদের অধিকার আদায়ে দৃঢ় অবস্থান নিতে হবে। বেসরকারি শিক্ষকদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। লেখনীর মাধ্যমে দাবি-দাওয়া তুলে ধরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছানোর আহ্বান জানান তিনি।
এ সময় তিনি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রতিবন্ধকতার বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন বলেন, মেধার প্রতিযোগিতায় টিকতে না পেরে কিছু মহল পরিকল্পিতভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাইরে রাখার চেষ্টা করছে। বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার উদ্যোগ হয়েছিল, কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে তা প্রতিহত করা গেছে। ষড়যন্ত্র এখনো থেমে নেই, তাই সবাইকে সজাগ থাকতে হবে।
সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ঢালির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি শামসুজ্জামান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, শিক্ষক নেতা কাউসার আহমেদ, মোশারফ হোসেনসহ সিদ্ধিরগঞ্জের ১০ ওয়ার্ডের প্রতিনিধিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উকিল উদ্দিন ভুইয়া, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়নসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
আলোচনা শেষে দেশ, জাতি ও শিক্ষাব্যবস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





































