২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

হুইপ হচ্ছেন আজাদ!

হুইপ হচ্ছেন আজাদ!

তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় নারায়ণগঞ্জ থেকে কেউ স্থান পাননি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

বিএনপি দলীয় নেতা-কর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় আড়াইহাজার এলাকায় নেতা-কর্মীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে আজাদের। কঠিন সময়েও মাঠে সক্রিয় থাকা, নেতা-কর্মীদের সংগঠিত করা, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং জিয়া পরিবারের বিশ্বস্ত হিসেবে রাজনীতিতে আলাদা পরিচিতি রয়েছে তাঁর।

সংসদ সদস্য থাকার পাশাপাশি হুইপ হিসেবে সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা আজাদের মূল দায়িত্ব হবে। একই সঙ্গে নিজ দলের সংসদ সদস্যদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সংসদে বিল বা প্রস্তাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট প্রদানে সদস্যদের সমন্বয় করা তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, হুইপ পদে দায়িত্ব পেলে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। নতুন দায়িত্বের মাধ্যমে সংসদে দলের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করছেন দলীয় নেতারা।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে এই আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু দ্বাদশ জাতীয় সংসদের হুইপ ছিলেন। তবে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে রয়েছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ৪৩ হাজার ২৩৩ ভোটের ব্যবধানে বড় জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এগারো দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা ইলিয়াছ মোল্লা। 

সর্বশেষ

জনপ্রিয়