১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

’দেলোয়ার ক্ষোভে’ কলাগাছিয়ায় ডুবেছে ধানের শীষ

’দেলোয়ার ক্ষোভে’ কলাগাছিয়ায় ডুবেছে ধানের শীষ

নারায়ণগঞ্জ-৫ আসনের কলাগাছিয়া ইউনিয়নে ধানের শীষের ভরাডুবির পেছনে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ক্ষোভকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে—আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নে জড়িত জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন প্রধানকে হঠাৎ করে ধানের শীষের পক্ষে মাঠে নামানোয় স্থানীয়ভাবে নেতিবাচক বার্তা গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোটের ফলাফলে।

কলাগাছিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে প্রচারণায় অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। স্থানীয়রা জানান, প্রভাবশালী একেএম সেলিম ওসমান-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেলোয়ার প্রধান একসময় বিএনপি নেতা-কর্মীদের জন্য ‘ত্রাসের নাম’ ছিলেন। উঠান বৈঠকে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনকে ‘অরাজকতা’ বলে মন্তব্য করেন—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের জন্ম দেয়।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে আন্দোলন-সংগ্রামের সময় কলাগাছিয়ায় বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির সমন্বয়ে দেলোয়ার প্রধান ভূমিকা রেখেছিলেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জোট প্রার্থী এস এম আকরাম-এর পক্ষে কাজ করায় কলাগাছিয়ায় এক রাতে একাধিক বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তারের ঘটনাও সামনে আনেন তারা। স্থানীয়দের ভাষ্য, দেলোয়ার প্রধানের অনুসারীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের।

শুধু রাজনৈতিক নিপীড়ন নয়—স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমি দখল, বিরোধিতায় মামলা দিয়ে হয়রানি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় দেলোয়ার প্রধানের ঘনিষ্ঠদের ভূমিকা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলা হয়। এসব কারণে বিএনপি সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ক্ষোভ জমে।

এই ক্ষোভের প্রভাব পড়েছে ব্যালট বাক্সে। কলাগাছিয়া ইউনিয়নের কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়—বেশিরভাগ কেন্দ্রে ধানের শীষ পিছিয়ে ছিল। ১৬ কেন্দ্রের মোট ফলাফলে ধানের শীষের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ৯,৯৪১ ভোট, আর প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ির প্রার্থী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১২,৪৩৩ ভোট—অর্থাৎ প্রায় ২,৪৯২ ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছে ধানের শীষ। মাত্র ৩ টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আবুল কালাম জিতেছেন। 

বিশ্লেষকদের মতে, যাদের বিরুদ্ধে অতীতে বিএনপি নেতা-কর্মীদের নিপীড়নের অভিযোগ ছিল—তাদের পুনর্বাসনের বার্তা স্থানীয়ভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে কলাগাছিয়ায় এলাকায় ধানের শীষের ভোট কমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুবিধা পেয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়