নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে অধ্যাদেশ জারি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগরে রূপান্তরের লক্ষ্যে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬’ জারি করেছে সরকার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংবিধানের ৯৩(১) এর ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি বাংলাদেশ গেজেটের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রকাশিত হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনার প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ গ্রহণ করে এবং গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়।
অধ্যাদেশের প্রস্তাবনায় বলা হয়েছে, নারায়ণগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমির প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, এর নাম হবে 'নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ'। এটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত পার্শ্ববর্তী এলাকাসমূহে কার্যকর হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই অধ্যাদেশটি কার্যকর হবে।
এ অধ্যাদেশে উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনার জন্য কর্তৃপক্ষ, চেয়ারম্যান, ভবন, জলাধার, বিধি ও প্রবিধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যতে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনায় কাজ করবে।
সংশ্লিষ্টদের মতে, এই অধ্যাদেশ কার্যকর হলে নারায়ণগঞ্জ অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের অপরিকল্পিত নগর বিস্তারের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।





































