ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা চলছে: অভিযোগ যুবদল নেতা সাহেদের
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ অভিযোগ করেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তার নাম ব্যবহার করে কেউ কোনো অনিয়মে জড়ালে সেটির দায় তিনি নেবেন না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে সাহেদ আহমেদ বলেন, “৫ তারিখ পরবর্তী সময় বা তারও আগে ১২ তারিখ পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমি বা আমাদের কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত হইনি। বরং যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।” তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে রাজপথে ছিলেন। বর্তমানে তার দল ক্ষমতায় রয়েছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ইলেকশন পরবর্তী সময়ে তিনি ও তার সাথের কাউকে কোথাও না যাওয়ার নির্দেশনা আগেই দিয়েছেন। এরপরও যদি কেউ তার নাম ভাঙিয়ে কোনো কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান।
সিদ্ধিরগঞ্জ ইপিজেডকে কেন্দ্র করে তিনি বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন দাবি করে যুবদল নেতা সাহেদ বলেন, গত দেড় বছর ধরে তিনি সেখানে ব্যবসা করছেন। তবে একটি মহল ইপিজেডকে ঘিরে উত্তেজনা সৃষ্টি ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে তিনি সিদ্ধিরগঞ্জ ইপিজেডসহ পুরো নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়িক এলাকা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বমুক্ত করার দাবি জানান।





































