০৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:৫২, ৪ মার্চ ২০২৬

ইরানে হামলা বন্ধের দাবিতে বাসদের মানববন্ধন

ইরানে হামলা বন্ধের দাবিতে বাসদের মানববন্ধন

ইরানে মার্কিন সামরিক হামলা বন্ধের দাবিতে শহরে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।  

নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও তার অনুগত ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ও নৃশংস সামরিক হামলা পরিচালনা করছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিসহ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ সামরিক ও ধর্মীয় নেতাদের হত্যা করা হয়েছে। এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন।

আরও বলেন, এই আগ্রাসন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হলো বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্নিহিত সংকটের প্রকাশ। মার্কিন একচেটিয়া পুঁজিবাদের স্বার্থে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং তাদের পণ্য বাজার রক্ষায় এই হামলা করা হয়েছে। লেনিনের ভাষায়, সাম্রাজ্যবাদ যতদিন থাকবে যুদ্ধও ততদিন থাকবে। আজ গোটা বিশ্ব সেই সাম্রাজ্যবাদী আগ্রাসনের নগ্ন চেহারা দেখছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সংঘাত ক্রমশ বিস্তৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে এই পারস্পরিক সামরিক উত্তেজনা যে গতিতে বাড়ছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন আর কোনো কাল্পনিক বিষয় নয়। ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা, লেবাননে সামরিক অভিযান এবং এখন ইরানে সরাসরি আগ্রাসন—এই সবই একটি বৃহত্তর বৈশ্বিক সামরিক সংঘাতের দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে। এই যুদ্ধের মাশুল পুঁজিপতিরা নয় দেবে বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষ। ইরানে এখন এক মৌলবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। ইরানি জনগণের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বিভিন্ন মত থাকতে পারে। কিন্তু যেকোনো সার্বভৌম রাষ্ট্রের নিজ দেশের ভাগ্য ও শাসক নির্ধারণের অধিকার অলঙ্ঘনীয় এবং এটা একমাত্র সেই দেশের জনগণের অধিকার। সাম্রাজ্যবাদ সেই অধিকারকে বলপূর্বক কেড়ে নিতে চাইছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদ যখন ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকারের’ মোড়কে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তখন সেটা প্রকৃতপক্ষে হয় সেই দেশের সম্পদ লুণ্ঠন করার এবং কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার। ইরাক, লিবিয়া, আফগানিস্তান এবং সিরিয়ার করুণ পরিণতি এর উজ্জ্বল উদাহরণ।

নেতৃবৃন্দ দুনিয়াব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে শ্রমিক-কৃষক, মেহনতি মানুষ, শান্তিকামী ও যুদ্ধবিরোধী জনগণ এবং মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, সরকার ইরান ইস্যু নিয়ে একটি বিবৃতি দিয়েছে কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ে কিছু বলেনি। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান নিয়ে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।  সরকারের প্রতি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত না করে স্বাধীন ও জনবান্ধব পররাষ্ট্রনীতি গ্রহণ করার দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়