০৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৯, ৪ মার্চ ২০২৬

আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধের ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা

আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধের ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা

জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধের ঘটনায় নিন্দা জানিয়েছেন।

বুধবার (৪ মার্চ) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সামাজিক ও রাজনৈতিকভাবে সর্বত্র প্রতিরোধ করতে হবে। নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এমপি আব্দুল্লাহ আল আমিন সেটিই করেছেন।”

পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানকে ‘তাণ্ডব’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তার দাবি, ওই সময় আন্দোলনে বহু মানুষ নিহত হলেও হাতেম আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, গতকাল নারায়ণগঞ্জে এক ইফতার অনুষ্ঠানে আব্দুল্লাহ আল আমিন মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে আখ্যায়িত করেন। এ ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করেন বলে তিনি দাবি করেন। দেশীয় অস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানার সদস্য সচিব রাসেলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “যারা সামাজিক ও রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। সামাজিক ও রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের প্রতিরোধ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

সর্বশেষ

জনপ্রিয়