০৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৩, ৪ মার্চ ২০২৬

লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি সভা

লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানরা একসঙ্গে বসবাস করে আসছে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত নারায়ণগঞ্জে রয়েছে। অতীতেও আমরা সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছি, ভবিষ্যতেও রাখবো। এই উৎসব শুধু নারায়ণগঞ্জের নয়, এটি বিশ্বব্যাপী পরিচিত এবং বাংলাদেশের ঐতিহ্যের অংশ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পূণ্যস্নান দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা যেন কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই সুন্দরভাবে উৎসবটি সম্পন্ন করতে পারি এবং পূণ্যস্নানে আগতদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি, সে লক্ষ্যে কাজ করছি।

তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন সম্প্রীতির সঙ্গে কাজ করে আসছে, এজন্য সবাইকে ধন্যবাদ। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। এছাড়া র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিকের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়