২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:০১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদ দিবসে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদ দিবসে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান, আব্দুল্লাহ আল মারুফ, হাসিব বাদশা অর্ক, অয়ন দাস, শাহাদাত খন্দকার, রাফসান, মাহদী আনোয়ার, ফাহিম, আলিফ এবং মাহমুদুল হাসান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সভাপতি জাহিদ হাসান বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। একুশ মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছে। প্রতিটি আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নতুন সরকারের প্রতি আহ্বান জানাই- অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে।”

সভাপতি আরও বলেন, “স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তখনই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, যখন দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল ভবিষ্যতেও তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে।”

সর্বশেষ

জনপ্রিয়