২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কাজে কেউ জড়ালে ছাড় নেই: এমপি কালাম

নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কাজে কেউ জড়ালে ছাড় নেই: এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি যেহেতু রাজনৈতিক দল করি, নাম ভাঙিয়ে সুবিধাবাদী একটি গ্রুপ আমাদেরকে হাতিয়ার বানিয়ে অনেক সুবিধা অর্জনের চেষ্টা করছে, করবে। বিএনপি, আমার, পরিবারের সদস্য বা নেতাকর্মীদের নাম ব্যবহার করে যদি কখনো আপনাদের কাছে অনৈতিক বা বেআইনি কোনো বিষয় আসে, তাহলে এক মিনিটেরও দুর্বলতা দেখাবেন না। আমার কোনো ফোন কখনো পাবেন না—নিশ্চিত থাকবেন।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আবুল কালাম আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের প্রথম কমিটি গঠন করেছিলেন মর্গার গার্লস স্কুলের শিক্ষিকা মমতাজ বেগম। তাঁর নেতৃত্বে শফি হোসেন খান ও আফজাল হোসেন কমিটি গঠন করেন এবং মফিজ ও আজগর হোসেন ভূঁইয়া সাহেবদের যুক্ত করা হয়। তিনি সভায় বলেন, “২৩ ফেব্রুয়ারি চাষাঢ়া রেললাইনের সামনে প্রথম বাধার সৃষ্টি হয়। এই ১১০ জন ভাষা সৈনিককে খুঁজে বের করার অনুরোধ করব। এখন সবাই জীবিত নেই, দুই-একজন হয়তো আমাদের মাঝে আছেন। তাঁদের সম্মান করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করব।”

আবুল কালাম বলেন, “ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস সম্পর্কে জানতে হবে। ১৯৪৭ সালে সুদূর কানাডায় বাংলা ভাষাভাষী রফিকুল ইসলাম ও আব্দুস সালাম প্রথম বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে আওয়াজ তুলেছিলেন। ১৯৪৮ সালে আন্দোলন শুরু হয় এবং পাকিস্তান রাষ্ট্রে ভাষা ও সাংস্কৃতিক বৈষম্যের কারণে বিদ্রোহ উদ্রেক হয়। প্রথম আঘাত আসে ভাষাকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে। সেই দ্বৈতনীতির কারণে আমরা বিদ্রোহের জন্য উজ্জীবিত হই।”

নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অঙ্গীকার ছিল প্রথমে সমাজ শুদ্ধ করা। সেই শুদ্ধতার অর্থ হলো চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সঠিক পথে আনা। আজ শহরের যানজটের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সহযোগিতা ও আন্তরিকতা অপরিহার্য।”

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যেও বলেন, “আমরা ১৮ বছরের ত্যাগের বিনিময়ে তারেক রহমান-কে দেশে নিয়ে এসেছি। বেগম খালেদা জিয়া-কে হারিয়েছি, তবে তাঁর আদর্শ ও স্বপ্ন ধারণ করে এগিয়ে যাব। কেউ যদি সুবিধা নিতে গিয়ে কলঙ্ক লেপনের চেষ্টা করে, তা হতে দেওয়া যাবে না। আমি ব্যক্তি কালাম—আমার গেট খোলা, আমার কোনো দারোয়ানও নেই। সমস্যায় আমাকে সরাসরি জানান।”
 

সর্বশেষ

জনপ্রিয়