পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫টি ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক কারবারি, ৮৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ আসামি, একজন চোর, অন্যান্য মামলায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের একজন সদস্যকে আটক করা হয়েছে।
থানাভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুই মাদক কারবারি, ৫২ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১০ জন, অন্যান্য ধারায় একজন এবং নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য রয়েছেন। এ সময় ৬৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০টি ইয়াবাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সাতজন মাদক কারবারি, আটজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দু'জন এবং নিয়মিত মামলার আট আসামি রয়েছেন।
সোনারগাঁ থানা পুলিশ ১১ মাদকসেবী, একজন চোর ও পরোয়ানাভুক্ত একজনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানা পুলিশ ২৫টি ইয়াবাসহ তিন মাদক কারবারি, সাত মাদকসেবী ও নিয়মিত মামলার তিন আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ছয় মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মামলার দুই আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি, একজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন ও অন্যান্য ধারায় তিনজনসহ সাতজনকে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানা পুলিশ তিন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার একজন আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




































