নারায়ণগঞ্জে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর পশ্চিম দেওভোগের নাগবাড়ি এলাকায় নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি অডিটোরিয়ামে এ স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে হাসপাতালের সামনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় সেবামূলক কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন তারেক আফজাল, অ্যাডভোকেট মো. জাকির হোসেন, আলহাজ মো. শামসুল হক, মো. সায়েদুল ইসলাম শাকিলসহ সমিতির অন্যান্য কর্মকর্তা। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম দেশের চিকিৎসা ও সমাজসেবায় এক যুগান্তকারী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। চিকিৎসাসেবা ও সমাজকল্যাণে তাঁর অবদান তাঁকে মানবতার প্রতীক হিসেবে মানুষের মাঝে স্মরণীয় করে রেখেছে।
জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম ১৯১১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
১৯৬৫ সালে তিনি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজঅর্ডারস (বারডেম) হিসেবে পরিচিতি লাভ করে। এছাড়া তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলায় ভূমিকা রাখেন।
চিকিৎসা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় অধ্যাপকের মর্যাদা লাভ করেন এবং ১৯৭৯ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।





































