০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে জনজীবন দুর্বিষহ: ইসলামী আন্দোলন

বিদ্যুৎ-গ্যাস সংকটে জনজীবন দুর্বিষহ: ইসলামী আন্দোলন

বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, সেবার ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরস্থ জেলা কার্যালয়ে সংগঠনটির নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রশীদ বলেন, “একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট। এর সঙ্গে বিদ্যুৎ ও অন্যান্য সেবার ব্যয় বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ক্রমাগত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।”

তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, জনগণ নিয়মিত বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, যা অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি ও জাতীয় উৎপাদনের অপরিহার্য অংশ। এসব খাতে অব্যবস্থাপনা, অপচয়, অনিয়ম ও অদক্ষতার দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

“জনগণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশের জনগণের স্বার্থে বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে,” বলেন তিনি।

জেলা সেক্রেটারি মুফতী শিব্বির আহমেদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজী, দপ্তর সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাকসুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু রায়হান সাইফি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী কামরুজ্জামান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোহেল সরকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন খান, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মো. শফিকুল ইসলাম খোকনসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়