টানবাজারে এসপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, জেলায় গ্রেপ্তার ১২২
নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান শেষে শনিবার রাতে সদর মডেল থানায় সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে মাদকের বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের আধিক্যের বিষয়ে পুলিশ তথ্য পেয়েছে। এসব অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সাধারণ অপরাধের বিরুদ্ধেও পুলিশের নিয়মিত অভিযান চলবে।
তিনি বলেন, ‘এটি কন্টিনিউয়াস প্রসেস। শুধু একদিনে শেষ হবে না।’ কাজের মাধ্যমে এর প্রমাণ পাওয়া যাবে বলেও জানান তিনি।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় সাত থানায় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের তত্ত্বাবধানে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা অভিযানে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাং, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে অভিযানের অংশ হিসেবে নগরীর টানবাজার এলাকার একটি মদ বিক্রির প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। সেখানে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীসহ বাংলা মদ সেবনরত ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের মদ সেবনের অনুমোদন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ সুপার বলেন, বাইরে থেকে আনা মদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হবে। কাগজপত্র সঠিক না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি এক পুলিশ সদস্যের কথিত মাতলামির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরীর বিভিন্ন এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরদিনই টানবাজার এলাকায় পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলো।





































