শিক্ষার্থীদের নিয়ে বন্দর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা গ্রহণের পদ্ধতি ও সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, মানুষের জনকল্যাণে কাজ করাই রাষ্ট্রকাঠামোর মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও কল্যাণমুখী করতে উপজেলা প্রশাসন বিভিন্ন জনমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।
তিনি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের নাগরিক সেবা, ভূমি ইজারা, শিক্ষা, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়, রাজস্ব আহরণ, স্থানীয় উন্নয়ন ও নাগরিক গাইডলাইনসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন ফরম পূরণের নিয়মাবলি স্ক্রিনে ব্যবহারিকভাবে দেখানো হয়।
এ সময় বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, উপজেলা আইসিটি কর্মকর্তা সানজিদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজু আহমেদ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





































