০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২, ইয়াবা ও জাল নোট উদ্ধার

বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২, ইয়াবা ও জাল নোট উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র‌্যাব-১১। অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

৫ সেপ্টেম্বর রাতে বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কদম রসুল (একরামপুর) এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪), শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) এবং ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুরের আন্দিরপাড়া এলাকা থেকে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯)কে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পূর্বের মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে চারজন এবং ফৌজদারি কার্যবিধি আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ৬ সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবনরত অবস্থায় আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানাধীন মদনপুর ছোটবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়