৩১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৩, ৩০ আগস্ট ২০২৬

ফতুল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর পরিদর্শন

ফতুল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর পরিদর্শন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

রোববার দুপুরে ফতুল্লা বাজার সংস্কার কাজের উদ্বোধন ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়ের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম শেষে কোনো পূর্ব ঘোষণা বা নির্ধারিত সিডিউল ছাড়াই বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ইউএনওর আকস্মিক পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষকরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণ, অফিস ও বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা একটি বিশুদ্ধ পানির ফিল্টার উদ্বোধন করেন তিনি।

পরিদর্শন শেষে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতেই আকস্মিকভাবে পরিদর্শনে এসেছেন। বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় রিয়াদ মোহাম্মদ চৌধুরী ইউএনওর কাছে বিদ্যালয়টির ঐতিহ্য, সুনাম ও খ্যাতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়কে ঘিরে নিজের বিভিন্ন স্মৃতির কথাও জানান তিনি।

পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, কৃষক দলের সভাপতি জুয়েল আরমান এবং ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়