৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:০২, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:০৩, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: সংস্কারের পর লেন খুলে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: সংস্কারের পর লেন খুলে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়ার চর এলাকায় একটি সেতুর জরুরি সংস্কারের কারণে শুক্রবার থেকে চলমান যানজট শনিবার সকাল সাড়ে দশটার পর থেকে কমেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শনিবার দুপুর দেড়টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, আষাঢ়িয়ার চর এলাকায় একটি সেতুর ঢাকামুখী লেনে তৈরি হওয়া গর্ত জরুরি ভিত্তিতে শুক্রবার ভোরে সংস্কার করা হয়। সংস্কার কাজের কারণে মহাসড়কের ওই অংশ থেকে কুমিল্লা পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার যানজট দেখা দেয়।

“সকাল নয়টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেওয়া হয়। পরে হাইওয়ে পুলিশের ঘন্টা দেড়েকের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। মূলত ঢাকামুখী লেনটি বন্ধ থাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। এখন সব স্বাভাবিক রয়েছে।”

যান চলাচল স্বাভাবিক করতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত সদস্য মহাসড়কের ওই অংশটিতে  ডিউটিতে ছিলেন বলেও জানান তিনি।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন বলেন, “গত কয়েকদিনের বৃষ্টির কারণে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় গর্তের সৃষ্টি হয়। যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার তা জরুরি ভিত্তিতে সংষ্কার করা হয়।

“প্রায় ৫ মিটারের ওই গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।”
 

সর্বশেষ

জনপ্রিয়