৩১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ৩০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে সিটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

রূপগঞ্জে সিটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বয়লারের ভাট্টি বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মোজাম্মেল ও সাব্বির দগ্ধ হন।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে জানতে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের কেউ এ বিষয়ে বক্তব্যও দিতে রাজি হননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়