দক্ষতার পুরস্কার পেলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির
দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে হুমায়ুন কবিরকে এ পুরস্কার দেওয়া হয়। এর আগেও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি পুরস্কৃত হয়েছিলেন।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে।”
তিনি আরও বলেন, “পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”
এ সময় পুরস্কারের জন্য পুলিশ সুপার ও ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।





































