কালিবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে মহানগরী জামায়াত নেতারা
নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় জে এস টাওয়ারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর নেতারা।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ জে এস টাওয়ারের আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং ব্যবসায়ীদের এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।





































