জনতা ব্যাংক ড্রেজার সংস্থা শাখার আধুনিক অফিস উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত জনতা ব্যাংক পিএলসির ড্রেজার সংস্থা শাখার আধুনিক অফিস উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে শাখাটির ৫০ বছর পূর্তি উপলক্ষে খানপুর চৌরাঙি ফ্যান্টাসি পার্কের ভাসমান রেস্তোরাঁয় এ গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এর আগে খানপুরের কিল্লারপুল এলাকায় শাখাটির আধুনিক অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে তারা নতুন অফিস পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ঢাকা দক্ষিণ বিভাগের মহাব্যবস্থাপক রহিয়া আখতার, নারায়ণগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক কালা চাঁন ঘোষ, ড্রেজার সংস্থা শাখার ব্যবস্থাপক তৌহিদ রেজাসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জনতা ব্যাংক একটি পুরনো ও গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংক। এই বাণিজ্যিক এলাকায় শাখাটির সেবার মান আরও উন্নত হলে গ্রাহকরা উপকৃত হবেন এবং ব্যাংকও আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, অনেক সময় ব্যাংকের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন, যা কাম্য নয়। আমরা চাই ব্যাংক ও শিল্পপ্রতিষ্ঠান কেউই ক্ষতিগ্রস্ত না হোক। দেশের সব ব্যাংকিং প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক—এটাই প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান বলেন, ড্রেজার সংস্থা শাখাটিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমানত ও ঋণ প্রবাহ উভয়ই বেড়েছে, যার কৃতিত্ব গ্রাহকদের।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় জনতা ব্যাংকের মোট আমানত ছিল ১ লাখ ৯ হাজার কোটি টাকা, যা বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। সামগ্রিক ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ১০ দশমিক ৫০ শতাংশ হলেও জনতা ব্যাংকের প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি, যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখে ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।





































