১৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ১৮ নভেম্বর ২০২৬

বন্দরে পুকুরে কুমির, দেখতে উৎসুক মানুষের ভিড়

বন্দরে পুকুরে কুমির, দেখতে উৎসুক মানুষের ভিড়

পুকুরের পাড়ে দাঁড়িয়ে শত শত উৎসুক মানুষ। সবার চোখ পুকুরের পানির দিকে। কখন ভেসে উঠবে কুমিরটি, সেই অপেক্ষায় কেউ দাঁড়িয়ে আছেন, কেউবা মোবাইল ফোনে দৃশ্য ধারণ করছেন। কিছুক্ষণ পরপরই পানির ওপর ভেসে উঠছে বিশালাকৃতির কুমিরের মাথা। আবার মুহূর্তেই ডুব দিচ্ছে পানির নিচে। এমন দৃশ্য ঘিরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জির পার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত দুই দিন ধরে এলাকার একটি পুকুরে কুমিরটির উপস্থিতি দেখা যাচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই প্রতি ১৫ থেকে ২০ মিনিট পরপর পানির ওপর কুমিরের মাথা ভেসে উঠতে দেখা যায়। কুমির দেখার খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় জমাতে থাকেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।

তবে কৌতূহলী মানুষের এই ভিড়ের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। পুকুরটির চারপাশে ঘনবসতি থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আশপাশের পরিবারগুলো। একই সঙ্গে পুকুরে কয়েক লাখ টাকার মাছ থাকায় লোকসানের আশঙ্কায় রয়েছেন মৎস্য খামারি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও তিনগাঁও এলাকায় কুমিরটির দেখা মিলেছিল। সে সময় বন বিভাগকে জানানো হলেও কুমিরটি উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এবারও কুমিরটির অবস্থান শনাক্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

মুসাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমসহ স্থানীয় বাসিন্দারা জানান, কুমিরটি দ্রুত উদ্ধার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কোনো প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতি হলে এর দায়ভার কে নেবে, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

বন্দর উপজেলার বন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কুমিরটি শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি মহাবিপন্ন মিঠাপানির কুমির। কুমিরটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখনো উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে এবং এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে কুমিরটি উদ্ধারের সক্ষমতা স্থানীয় বন বিভাগের নেই।

এদিকে পুকুরপাড়ে উৎসুক মানুষের ভিড় বাড়লেও কুমিরটি উদ্ধারের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কৌতূহলবশত পুকুরের কাছে ভিড় না করে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ

জনপ্রিয়