ফতুল্লায় মিঠুন-রাব্বির মাদক আস্তানায় ডিবির অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মিঠুন ও রাব্বি নামে দুই ব্যক্তির মাদক বিক্রির আস্তানায় অভিযান চালিয়ে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মিঠুন ও রাব্বির সহযোগী।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান (২৬) ও একই উপজেলার ছোট আউনিয়াপুর এলাকার আবদুল জলিলের ছেলে মুনসুর (২০)। তাঁরা বর্তমানে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, মফিজুল ইসলাম ও মাহমুদুর রহমানসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাগলা ধোপাতিতা এলাকায় অভিযান চালায়।
এ সময় মিঠুন ও রাব্বির মাদক বিক্রির আস্তানা থেকে তাঁদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের। অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।





































