সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের মানববন্ধন
নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহমেদ বাঁধন, রফিকুল্লাহ রিপন, মঞ্জুর রহমান বকুল ও মামুনুর রশিদ মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা, পি এম আজিজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সত্য তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে কোনো সাংবাদিককে জীবন দিতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ হুমকি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার মতো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি।
মানববন্ধন থেকে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।





































