ফতুল্লায় অনিবন্ধিত খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লায় অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ কার্যালয়ের যৌথ উদ্যোগে ভোলাইল, কাশীপুর ও ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘন করে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অপরাধে একটি মামলা করা হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





































