অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন রিয়াদ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বুধবার (৭ অক্টোবর) সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “আমরা বিগত কয়েক মাস ধরে শুনছি, বক্তাবলী ও আলীরটেক এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এর আগেও নৌ পুলিশ, কোস্টগার্ড ও সদর উপজেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়েছিল।”
তিনি বলেন, “যারা এসব করছে, তাদের এমন কী ক্ষমতা যে তারা সবাইকে উপেক্ষা করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে? প্রশাসনের সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব—এটা আমরা ইতিমধ্যে দেখেছি।”
সাম্প্রতিক সময়ে প্রশাসন ও পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে উল্লেখ করে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আইন প্রয়োগে সবার প্রতি সমান আচরণের দাবি জানান রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছর বিভিন্ন ধরনের অপপ্রচার ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জে ধর্মীয় উৎসব পালনে কোনো ধরনের বাধা বা নিরাপত্তাহীনতার পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “প্রশাসনের পাশাপাশি আমরা দলীয়ভাবেও পূজামণ্ডপগুলোতে সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করব। সদর উপজেলাসহ ফতুল্লা এলাকার পূজামণ্ডপগুলোতে আমরা সহযোগিতা করে থাকি। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য ইউএনও সুন্দর ব্যবস্থা করেছেন।”





































